নিজস্ব প্রতিবেদক॥
সাধারণ সাংবাদিক সমাজের ব্যানারে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ দুপুরে সাংবাদিক নেতৃবৃন্দ মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোঃ রাজু আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও এশিয়া বাণীর বিশেষ প্রতিনিধি মোঃ মেহেদী হাসান, ওয়ার্ল্ড নিউজের সম্পাদক সাগর চৌধুরী, দৈনিক প্রলয়ের প্রধান সম্পাদক মোঃ মির্জা সোবেদ আলী রাজা, সাংবাদিক সানজাদুল ইসলাম সাফা, আরমান হোসেন মুকুল, হৃদয়সহ আরও অনেক সাংবাদিক। তাঁরা নীরবতা পালন করে তাঁর রাজনৈতিক জীবন, সংগ্রাম ও অবদানের কথা স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদনকালে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রক্ষার এক সাহসী প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক। সাংবাদিক সমাজের স্বাধীনতা ও গণমাধ্যমের অধিকার রক্ষায়ও তিনি ইতিবাচক ভূমিকা পালন করেছেন।বক্তারা আরও বলেন, আপোষহীন নেতৃত্ব ও দৃঢ় রাজনৈতিক অবস্থানের কারণে বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত ছিলেন। তাঁর ত্যাগ, সংগ্রাম ও আদর্শ আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে সাধারণ সাংবাদিক সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাঁরা দেশ, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত