আন্তর্জাতিক ডেস্কঃ
ভেনেজুয়েলায় নজিরবিহীন অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এই আবহের মধ্যে কলম্বিয়ার সশস্ত্র বাহিনীকে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডনাল্ড ট্রাম্প বলেন, কলম্বিয়া এবং ভেনেজুয়েলা দুটো দেশই গভীর সংকটে আছে। কলম্বিয়ায় একজন অসুস্থ ব্যক্তি দেশ চালাচ্ছেন, যিনি কোকেন তৈরি করে তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। আমি আপনাকে বলতে চাই, তিনি খুব বেশি দিন এমনটা চালিয়ে যেতে পারবেন না।
কলম্বিয়ায় কোনো অভিযানের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, আমার কাছে এটা শুনতে ভালেই লাগছে। এরপরই ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুস্তাভো পেত্রো বলেন, আদালতের রেকর্ডে আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। মিস্টার ট্রাম্প, আমার বিরুদ্ধে অপবাদ বন্ধ করুন।
তিনি বলেন, আপনি (ট্রাম্প) এমন একজন লাতিন আমেরিকান প্রেসিডেন্টকে হুমকি দিচ্ছেন যিনি সশস্ত্র সংগ্রাম থেকে এবং পরে কলম্বিয়ার শান্তির লড়াইয়ের জনগণ থেকে উঠে এসেছেন। এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্ট দেশটির সশস্ত্র বাহিনীর উদ্দেশে এক কঠোর বার্তা দেন। তিনি বলেন, এখন থেকে কলম্বিয়ার প্রত্যেক সেনার জন্য নির্দেশ হলো সশস্ত্র বাহিনীর কোনো কমান্ডার যদি কলম্বিয়ার পতাকার চেয়ে যুক্তরাষ্ট্রের পতাকাকে অগ্রাধিকার দেন, তাহলে তাকে আমার নির্দেশে সঙ্গে সঙ্গে বাহিনী থেকে বহিষ্কার করা হবে।
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী সশস্ত্র বাহিনীর দায়িত্ব হলো জনগণের সার্বভৌমত্ব রক্ষা করা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন গুস্তাভো পেত্রো। তিনি ওই হামলাকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে লাতিন আমেরিকার ‘সার্বভৌমত্বের ওপর আঘাত’ হিসবে বর্ণনা করেন। একইসঙ্গে এর ফলে দেশটিতে মানবিক সংকট তৈরি হবে বলেও উল্লেখ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত