নিজস্ব প্রতিবেদক:
আপসহীন নেত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন, রাজনীতি ও ব্যক্তিত্বকে কেন্দ্র করে রচিত বই ‘গণতন্ত্রের আপসহীন জননী’ ইতোমধ্যে রাজনৈতিক ও পাঠক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। শৈশব ও কৈশোরের সাধারণ জীবন থেকে শুরু করে একজন আপসহীন রাজনৈতিক নেতৃত্বে পরিণত হওয়ার দীর্ঘ পথচলা বইটিতে ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে। এতে ব্যক্তিজীবনের সরলতা, পারিবারিক মূল্যবোধ এবং রাজনৈতিক দূরদর্শিতার বাস্তব চিত্র ফুটে উঠেছে।
বইটি কেবল একজন রাজনৈতিক নেত্রীর জীবনী নয়; বরং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, স্বৈরাচারবিরোধী সংগ্রাম, নির্বাচন ও সংসদীয় রাজনীতির নানা গুরুত্বপূর্ণ অধ্যায়ও এতে স্থান পেয়েছে। লেখক তথ্য, অভিজ্ঞতা ও প্রেক্ষাপটের সমন্বয়ে এমনভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন, যাতে সাধারণ পাঠক থেকে শুরু করে রাজনৈতিক গবেষকরাও ইতিহাসের ধারাবাহিকতা অনুধাবন করতে পারেন।
এই গুরুত্বপূর্ণ গ্রন্থের লেখক বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কৃতিসন্তান, জাতীয় পর্যায়ের সাংবাদিক হাফিজুর রহমান শফিক। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত থেকে রাজনীতি, সমাজ ও সমসাময়িক বিষয় ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে আসছেন। মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, তথ্যনির্ভর বিশ্লেষণ এবং সহজ, প্রাঞ্জল ভাষা তার লেখার অন্যতম শক্তি। সে কারণেই ‘গণতন্ত্রের আপসহীন জননী’ বইটি ইতিহাসভিত্তিক হলেও পাঠকের কাছে ভারী মনে হয় না।
হাফিজুর রহমান শফিক লেখালেখির পাশাপাশি সংগঠনিক কাজেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তিনি বর্তমানে ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সামাজিক সংগঠন জিয়া শিশু কিশোর মেলার সিনিয়র সহসভাপতি (ঢাকা মহানগর দক্ষিণ) হিসেবেও তিনি যুক্ত রয়েছেন। সাংবাদিকতা ও সমাজকর্মের এই অভিজ্ঞতা তার লেখায় দায়িত্বশীলতা ও বাস্তবতা যোগ করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, ‘গণতন্ত্রের আপসহীন জননী’ বইটির বড় শক্তি হলো বই ও লেখক উভয়ের আন্তরিকতা। বেগম খালেদা জিয়ার ব্যক্তিজীবন ও রাজনৈতিক দর্শনকে সমান গুরুত্ব দিয়ে উপস্থাপনের পাশাপাশি লেখক নিজস্ব পর্যবেক্ষণ ও তথ্যের মাধ্যমে একটি সময়কে নথিভুক্ত করেছেন। ফলে বইটি শুধু স্মৃতিচারণ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত