ডেস্ক রিপোর্টঃ
আগামী এক দশকের মধ্যেই বৈশ্বিক তাপমাত্রা শিল্প-পূর্ব সময়ের তুলনায় ১দশমিক ৫ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যেতে পারে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) এমিশনস গ্যাপ রিপোর্ট ২০২৫-এ এ আশঙ্কার কথা বলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি প্রত্যাশিত হলেও এটি খুবই উদ্বেগজনক।
প্যারিস জলবায়ু চুক্তির সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য ছিল বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখা। কারণ এই সীমা অতিক্রম করলে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব পড়বে। যেমন খরা, বন্যা, তাপপ্রবাহ ও ঝড় অনেক বেড়ে যাবে। কিন্তু রিপোর্ট অনুযায়ী, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর ক্ষেত্রে বিশ্ব এখনো প্রয়োজনীয় অগ্রগতি দেখাতে পারেনি।
ইউএনইপির জলবায়ু পরিবর্তন বিভাগ প্রধান মার্টিন ক্রাউসে বলেন, সব সতর্কতার পরও বিশ্ব রেকর্ড পরিমাণে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করছে। তাই এ ফলাফল অপ্রত্যাশিত নয়। তবে এটি সবার জন্য একটি বড় সতর্কবার্তা।
রিপোর্টে বলা হয়, ২০২৪ সালে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ দুই শতাংশের বেশি বেড়েছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ এখন অন্তত ২০লাখ বছরের মধ্যে সর্বোচ্চ। এই গ্যাসগুলো পৃথিবীর চারপাশে চাদরের মতো তাপ আটকে রাখে, ফলে তাপমাত্রা বাড়ছে।
ইউএনইপি বলছে, দেশগুলো যদি তাদের প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়নও করে, তবুও শতাব্দীর শেষে পৃথিবীর গড় তাপমাত্রা ২দশমিক ৩ থেকে ২ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এটি জলবায়ু ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলতে যথেষ্ট।
বিশেষজ্ঞরা জানান, একক কোনো বছরে ১দশমিক ৫ডিগ্রি তাপমাত্রা ছাড়ানো চূড়ান্ত ব্যর্থতা নয়। দীর্ঘমেয়াদি গড় তাপমাত্রা গুরুত্বপূর্ণ। নতুন প্রতিবেদনে বলা হয়েছে, এই দীর্ঘমেয়াদি গড় তাপমাত্রাই আগামী ১০বছরের মধ্যে ১দশমিক ৫ ডিগ্রি ছাড়াতে পারে।
রিপোর্টে আরও বলা হয়, তাপমাত্রা ১দশমিক ৫ডিগ্রির মধ্যে রাখতে হলে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক নিঃসরণ প্রায় ৫৫শতাংশ কমাতে হবে, যা বর্তমান প্রতিশ্রুতির চেয়ে অনেক বেশি। তুলনামূলকভাবে ২ডিগ্রি সীমা ধরে রাখতে হলেও নিঃসরণ কমাতে হবে প্রায় ৩৫শতাংশ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত