ডেস্ক রিপোর্টঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে এই স্লোগানকে সামনে রেখে দিনটি ঘিরে ব্যাপক কর্মসূচি নিয়েছে দলটি।
শনিবার ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে বিশাল ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করা হয়েছে।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা তরুণ রাজনৈতিক শক্তি এনসিপি মাত্র এক বছরের ব্যবধানে দেশের রাজনীতিতে আলোচিত অবস্থান তৈরি করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের উদ্যোগেই দলটির জন্ম। প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে এনসিপি।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি। নির্বাচনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয় তরুণ নেতা সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনসভায় প্রতিনিধিত্ব করছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, আজকের আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের মিলনমেলায় পরিণত হবে। ইফতার মাহফিলে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, শিক্ষক, সাংবাদিক, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।
বিকেল চারটা থেকে শুরু হওয়া এ আয়োজনে গত এক বছরের রাজনৈতিক পথচলার উল্লেখযোগ্য মুহূর্ত নিয়ে বিশেষ চিত্রপ্রদর্শনী ও স্ট্রিট ওয়াল প্রোমো প্রদর্শন করা হবে।
রাজধানীর পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নিয়েছে দলটি। আগামী ২ মার্চ চট্টগ্রাম, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহসহ পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৩ মার্চ কুমিল্লায় বিশেষ ইফতার আয়োজনের মাধ্যমে স্থানীয় নেতাকর্মী ও শহীদ পরিবারের মধ্যে সংযোগ জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত