পঙ্কজ সরকার নয়নঃ
পবিত্র রমজান মাসে কালীগঞ্জ বাজারের একটি গুরুত্বপূর্ণ সড়ক খোঁড়া অবস্থায় ফেলে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ড্রেন নির্মাণের কাজ শুরু হলেও দীর্ঘদিন ধরে তা শেষ না হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে, বাড়ছে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা। ঈদকে সামনে রেখে বাজারে ক্রেতাদের ভিড় বাড়লেও সড়কটির বেহাল অবস্থায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় সূত্র জানায়, সড়ক খোঁড়ার পর সেখানে কোনো ব্যারিকেড বা সতর্কীকরণ চিহ্ন বসানো হয়নি। ফলে পথচারী ও যানবাহন চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। খোঁড়া অংশে আহত হওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে। এ প্রকল্পের দায়িত্বে রয়েছেন কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ। এলাকাবাসীর অভিযোগ, ড্রেন নির্মাণের স্থানে বৈদ্যুতিক খুঁটি অপসারণ না করেই দরপত্র আহ্বান ও কাজ শুরু করায় প্রকল্পটি মাঝপথে আটকে আছে। এতে সময় ও অর্থের অপচয় হচ্ছে বলেও দাবি তাদের। একই সঙ্গে বিশেষ কিছু ঠিকাদারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ বণ্টন ও অনিয়মের অভিযোগও উঠেছে।
গত ২ মার্চ গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন পৌরসভার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে খোঁড়া সড়কের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেন। উপস্থিত জনতার অভিযোগ শুনে তিনি দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন বলে জানা যায়। তবে মঙ্গলবার (৪ মার্চ) পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি বলে দাবি করেছেন স্থানীয়রা। রমজানে রোজাদার মানুষ দীর্ঘ সময় যানজটে আটকে পড়ছেন। ঈদের আগে সড়কটি সংস্কার না হলে বাজার এলাকার ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করে সড়কটি চলাচলের উপযোগী করতে হবে এবং অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বারবার ফোন করে এ বিষয়ে সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার বিষয়-ঈদের আগেই কি এই দুর্ভোগের অবসান হবে, নাকি খোঁড়া সড়কই কালীগঞ্জবাসীর উৎসবের আনন্দে বাধা হয়ে থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত