স্টাফ রিপোর্টারঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিতে পাচারের উদ্দেশ্যে ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন আন্তর্জাতিক মাদক চোরাকারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ঢাকা মেট্রো উত্তর)। সোমবার (৯ মার্চ) রাতে এই তথ্য জানানো হয়। আটককৃত ব্যক্তির নাম সাইদুল ইসলাম (৩১)। তার বাড়ি ঢাকার দোহার এলাকায়।
বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেইডিং টিম বিমানবন্দর থানাধীন অভ্যন্তরে ২য় তলার সি-২ বোর্ডিং ব্রিজ স্ক্যানিং মেশিনের সামনে অবস্থান গ্রহণ করে। ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নং BS381-এর একজন যাত্রী স্ক্যানিং মেশিন অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। আটকের সময় সাইদুলের ব্যাগ তল্লাশি করে কার্বন ও স্কচটেপ দ্বারা মোড়ানো পলিথিন প্যাকেটে লুকানো অবস্থায় ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সালাউদ্দিন নামের এক ব্যক্তি তাকে এই প্যাকেটটি দিয়েছিলেন। ইয়াবাগুলো সৌদি আরবে অবস্থানরত নুরুল আমীনের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। সাইদুল আরও স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ থেকে ইয়াবা সৌদি আরবে নিয়ে যাওয়া এবং বিনিময়ে সৌদি আরব থেকে সোনা চোরাচালান করে বাংলাদেশে আনার সঙ্গে যুক্ত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শিবনাথ কুমার সাহা বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত