মো: জুয়েল হোসেন, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা অন্তত ৬০টি দোকানপাট উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (৯ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্টেশন সংলগ্ন এলাকায় পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূ-সম্পদ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তিনি জানান, রেলস্টেশনে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে অবৈধ স্থাপনা অপসারণে এ অভিযান চালানো হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে স্টেশন এলাকার রেলওয়ের জমিতে অবৈধভাবে দোকানপাট গড়ে ওঠায় যাত্রীদের চলাচলে বিঘ্ন ঘটছিল। এ বিষয়ে সংশ্লিষ্টদের একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা স্বেচ্ছায় দোকান সরিয়ে নেয়নি। পরে বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৬০টির বেশি অবৈধ দোকানপাট অপসারণ করা হয়। এছাড়া যেসব দোকানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল, সেগুলোও বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান তিনি।
অভিযানের সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়সার ও বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল উপস্থিত ছিলেন। এ সময় কামারখন্দ থানা পুলিশ, রেলওয়ে পুলিশ, আরএনবি সদস্য ও রেলওয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত