পঙ্কজ সরকার নয়ন, গাজীপুরঃ
দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হলেও দুর্যোগ মোকাবিলায় দেশের সক্ষমতা এখন বিশ্বে প্রশংসিত। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো মানবসৃষ্ট দুর্ঘটনা মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে এবং তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করে তুলতে হবে। এ সময় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করেন। মহড়ায় রান্নার গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে দ্রুত ও নিরাপদে তা নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে হাতে-কলমে প্রদর্শন করা হয়। উপস্থিত শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে মহড়াটি পর্যবেক্ষণ করে এবং প্রাথমিক অগ্নিনির্বাপণ কৌশল সম্পর্কে ধারণা লাভ করে। অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত