মো: জুয়েল হোসেন, সিরাজগঞ্জঃ
দারিদ্র্য ও দীর্ঘদিনের অসুস্থতায় কষ্টে থাকা এক অসহায় নারীর পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তার সহায়তায় হুইলচেয়ার পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন সাহেরা বানু। রোববার (১৫ মার্চ) সিরাজগঞ্জ পৌরসভার সয়াধানগড়া মধ্যপাড়া এলাকায় গিয়ে অসুস্থ সাহেরা বানুর হাতে একটি হুইলচেয়ার তুলে দেন তিনি। এ সময় সাহেরা বানুর স্বামী মো. সুরুজ আলীর জন্য সুযোগ হলে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দেন।
জানা যায়, সয়াধানগড়া মধ্যপাড়া রোড অফিসের পেছনে বসবাস করেন মো. সুরুজ আলী ও তার স্ত্রী মোছা. সাহেরা বানু। তাদের তিন সন্তানের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আরেকজন রাজমিস্ত্রির কাজ করলেও আলাদা থাকেন এবং সংসারের দায়িত্ব তেমনভাবে নেন না। ফলে অসুস্থ স্ত্রীকে নিয়ে চরম কষ্টে দিন পার করছেন সুরুজ আলী। দীর্ঘদিন ধরে অসুস্থ সাহেরা বানুর শারীরিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। অর্থাভাবে চিকিৎসাও করাতে পারছেন না পরিবারটি।
দলীয় নেতাকর্মীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে সাইদুর রহমান বাচ্চু সরেজমিনে তাদের বাড়িতে যান এবং তার চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার প্রদান করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, অসহায় এই পরিবারের কথা শুনে ঘরে বসে থাকতে পারিনি। বৃদ্ধ মহিলার চলাচলের সুবিধার জন্য একটি হুইলচেয়ার দিয়েছি। সুযোগ হলে তার স্বামীর জন্য একটি চাকরির ব্যবস্থাও করার চেষ্টা করব। আল্লাহ যদি মানুষের খেদমত করার মতো অবস্থান দেন, তাহলে মানুষের পাশে থাকার চেষ্টা করব। স্থানীয়রা এই উদ্যোগকে মানবিক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত