মো. জুয়েল হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা ও লেডিস ইন্টার্ন হোস্টেলে বখাটেদের অনুপ্রবেশের প্রতিবাদে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল থেকে হাসপাতালের সামনে অবস্থান নেন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা কর্মবিরতি পালন করে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. তামিম হাবিব হিমেল বলেন, ইন্টার্ন চিকিৎসকরা দিন-রাত নিরলস পরিশ্রম করে রোগীদের সেবা দিয়ে থাকেন। সীমিত জনবল, অতিরিক্ত কাজের চাপ এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাবের মধ্যেও তারা দায়িত্ব পালন করছেন। কিন্তু চিকিৎসকদের ওপর শারীরিক ও মানসিক হামলা অত্যন্ত উদ্বেগজনক ও হতাশাজনক।
তিনি আরও বলেন, সম্প্রতি হাসপাতালের শিশু বিভাগে দায়িত্ব পালনকালে এক ইন্টার্ন চিকিৎসকের ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। পাশাপাশি হাসপাতালগুলোতে ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
কর্মসূচিতে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. শাফিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ডা. মশিউর রহমান, কোষাধ্যক্ষ ডা. বুলবুল আহমেদসহ ডা. ইউসুফ আলী, ডা. আসিফ, ডা. হাবিবুর রহমান, ডা. গোলাম মর্তুজা, ডা. শাহরিয়া সিদ্দিক ও ডা. আনিকা তাবাসসুম এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। উল্লেখ্য, সম্প্রতি রোগীর স্বজনদের হাতে হাসপাতালের শিশু বিভাগে কর্তব্যরত এক ইন্টার্ন চিকিৎসক শারীরিকভাবে লাঞ্ছিত হন। এ ঘটনার প্রতিবাদেই এ কর্মসূচি পালন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত