ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেলসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ এপ্রিল) রাতে বড়লেখা উপজেলার উত্তর চৌমহনা এলাকায় চেকপোস্ট বসিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনজন মাদক ব্যবসায়ী মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চান্দগ্রাম থেকে বড়লেখার দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খানের নেতৃত্বে পুলিশ উপজেলার উত্তর চৌমহনা এলাকায় চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল আটকের চেষ্টা করে। তবে পুলিশের সঙ্কেত অমান্য করে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টাকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। এসময় দুইজন পালিয়ে গেলেও পুলিশ রাসেলকে আটক করে। পরে আটককৃত রাসেলের হাতে থাকা শপিং ব্যাগ থেকে ২০টি প্যাকেট কালো পলিব্যাগের মধ্যে মোড়ানো ৪ হাজার পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সঙ্গে তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মোটরসাইকেলও জব্দ করা হয়। আটককৃত মাহমুদ হাসান রাসেল (২৬) মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন বিওসি কেছরীগুল মধ্য ডিমাই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করেছে সে এবং তার দুই পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তারা সিলেটের গোয়াইনঘাট সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকায় বিক্রি করত। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাসেল ও তার পলাতক দুই সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত