লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে নিজের ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে এক অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার পেশকার বাড়িতে এ লোমহর্ষক ঘটনা ঘটে। নিহত নাছির আহমদ (৫৫) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের বাসিন্দা।
আহতদের স্বজন ও স্থানীয়রা জানান, দীর্ঘ সময় লক্ষ্মীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত থাকার পর গত বছরের ১ আগস্ট তিনি অবসরে যান। প্রায় সাত বছর ধরে তিনি সপরিবারে পেশকার বাড়ির একটি ভবনে ভাড়া থাকতেন। স্থানীয়দের মতে, অবসরে যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। ঘটনার সময় নাছির আহমদের স্ত্রী ও প্রতিবন্ধী বড় ছেলে গ্রামের বাড়িতে ছিলেন। বাসায় ছিলেন কেবল নাছির ও তার কলেজপড়ুয়া ছোট ছেলে ইমরান হোসেন (২১)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘুমন্ত অবস্থায় ইমরানকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন নাছির। রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় ইমরান প্রাণ বাঁচাতে ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করেন। পেছনে দা নিয়ে ধাওয়া করেন নাছির। এ সময় প্রতিবেশী মিজানুর রহমান স্বপন তাকে বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। অন্য এক ভাড়াটিয়া এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন।
তিনজনকে রক্তাক্ত করার পর নাছির আহমেদ দ্রুত ওই ভবনের তৃতীয় তলার ছাদে উঠে যান। সেখান থেকে তিনি নিচে ঝাঁপ দেন। গুরুতর আহত অবস্থায় দা হাতে তিনি কিছুক্ষণ বসে ছিলেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল জানান, হাসপাতালে আনা চারজনের মধ্যে নাছির আহমেদ মারা গেছেন। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বিশেষ করে ইমরান ও স্বপনকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত