মিজানুর রহমান, শেরপুরঃ
বিশ্ব পৃথিবী দিবস উপলক্ষে শেরপুর জেলার ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে প্রায় দুই হাজারেরও বেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। নতুন প্রজন্মের জন্য সবুজ পৃথিবী, এই প্রতিপাদ্য সামনে রেখে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ, সড়কের পাশ ও খোলা জায়গায় এসব চারা রোপণ করা হয়। নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি এ ধরনের উদ্যোগকে পরিবেশ সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
আপন শিক্ষা পরিবার-এর প্রধান শিক্ষক রহমত মিয়া বলেন, নির্বিচারে বৃক্ষনিধন ও পরিবেশ দূষণের ফলে প্রকৃতি আজ হুমকির মুখে পড়েছে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে এসে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। হাতির খবর ও সচেতনতা গ্রুপ-এর সদস্য কাঞ্চন মারাক বলেন, গত কয়েক দশকে শেরপুরের বনাঞ্চল থেকে অনেক বড় গাছ ও বন্যপ্রাণী হারিয়ে গেছে।
অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এ সময় জিহান আহমেদসহ অন্যান্য স্বেচ্ছাসেবী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নলকুড়া ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বক্তব্যের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। উক্ত কর্মসূচিতে স্থানীয় জনসাধারণ সচেতন নাগরিক অংশ নেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত