মো: হাচান আল মামুন, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় দিন দিন বাড়ছে নিবন্ধনবিহীন (নাম্বারবিহীন) মোটরসাইকেলের সংখ্যা। পাহাড়ি ও দুর্গম এলাকার প্রধান যাতায়াত মাধ্যম হওয়ায় মোটরসাইকেলের ব্যবহার বাড়লেও, এর বড় একটি অংশ আইনের তোয়াক্কা না করেই সড়কে চলাচল করছে-যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। উঁচুনিচু পাহাড়ি পথ পাড়ি দিতে মোটরসাইকেলই সবচেয়ে সহজ বাহন হওয়ায় প্রতিনিয়ত নতুন মোটরসাইকেল যুক্ত হচ্ছে সড়কে। কিন্তু এসব যানবাহনের অনেকগুলোরই নেই বৈধ নিবন্ধন বা নম্বরপ্লেট। ফলে সড়ক শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিও ঝুঁকির মুখে পড়ছে বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, নাম্বারবিহীন মোটরসাইকেলের কারণে দুর্ঘটনা ঘটলে চালককে শনাক্ত করা যায় না। এতে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকেও বঞ্চিত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিবন্ধনবিহীন মোটরসাইকেলের কিছু চালক রাজনৈতিক বা প্রভাবশালী মহলের নাম ব্যবহার করে আইন প্রয়োগকারী সংস্থার হাত থেকে রেহাই পাচ্ছেন-এমন অভিযোগও রয়েছে। কয়েকজন চালকের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশি তল্লাশির সময় অনেকেই প্রভাব খাটিয়ে শাস্তি এড়ানোর চেষ্টা করেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, নিবন্ধনবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে দুর্গম এলাকা ও জনবল সংকটের কারণে সব স্থানে একযোগে নজরদারি নিশ্চিত করা কঠিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ বলেন, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। কাগজপত্রবিহীন বা নাম্বারবিহীন কোনো যানবাহন পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, সড়কে নিবন্ধনবিহীন মোটরসাইকেলের চলাচল মোটরযান আইনের পরিপন্থী এবং এটি একটি দণ্ডনীয় অপরাধ। এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজন আরও কঠোর নজরদারি, নিয়মিত অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধি। এদিকে, দ্রুত সময়ের মধ্যে নিবন্ধনবিহীন মোটরসাইকেল নিয়ন্ত্রণে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত