আবদুল মোতালেব
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার পৌর বাজারের ময়লা-আবর্জনার স্তূপকে কেন্দ্র করে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার ব্যস্ত চাটখিল-রামগঞ্জ সড়কের পাশে, ১১ নম্বর মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে পৌর বাজারের বর্জ্য ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্য ঝুঁকি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন পৌর বাজারের বিভিন্ন দোকান, কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা ওই স্থানে এনে ফেলা হয়। কিন্তু নিয়মিত অপসারণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সেখানে বিশাল ময়লার স্তূপ তৈরি হয়েছে। বিশেষ করে গরম আবহাওয়া ও বৃষ্টির সময় দুর্গন্ধ অসহনীয় হয়ে ওঠে। চাটখিল-রামগঞ্জ সড়ক উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন হাজার হাজার মানুষ এ সড়ক ব্যবহার করেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, নারী ও বৃদ্ধদের চলাচলের সময় নাক চেপে পথ পার হতে হয়। অনেকেই অভিযোগ করেন, রাস্তার পাশের দোকান ও বসতবাড়িতেও দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, ময়লার দুর্গন্ধে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রাস্তা দিয়ে হাঁটা যায় না, দোকানে বসে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। আরেক বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে ময়লার ভাগাড় রাখা খুবই দুঃখজনক। এতে এলাকার সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শিক্ষার্থী তানিয়া আক্তার বলেন, প্রতিদিন স্কুলে যাওয়া-আসার সময় দুর্গন্ধের কারণে ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় বমি বমি ভাবও হয়। দ্রুত এ সমস্যার সমাধান প্রয়োজন। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তাদের অভিযোগ, জনদুর্ভোগের বিষয়টি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে না।
স্থানীয় সচেতন মহলের মতে, অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। ময়লার স্তূপে মাছি, মশা ও অন্যান্য ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।এ বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, বিশ্বব্যাংকের একটি প্রকল্পের আওতায় ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বর্জ্য ব্যবস্থাপনায় স্থায়ী সমাধান পাওয়া যাবে বলে আশা করছি। তবে এলাকাবাসীর দাবি, প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় না থেকে অবিলম্বে বর্তমান ময়লার স্তূপ অপসারণ এবং বিকল্প স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা করতে হবে। তাদের মতে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত