মোঃ মাসুম বিল্লাহ খুলনা প্রতিনিধিঃ
খুলনা মহানগরীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু’র অন্যতম সহযোগী ও ক্যাশিয়ার মোঃ লিটন মীর ওরফে কসাই লিটন (৪০) এবং তার সহযোগী মোঃ রিফাত হোসেনকে (২৩) গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত কসাই লিটন শেখপাড়া লোহাপট্টি মোড় এলাকার বাসিন্দা আব্দুল রশিদ মীরের ছেলে এবং রিফাত হোসেন সোনাডাঙ্গা পৈপাড়া বিসমিল্লাহ মহল্লার আইয়ুব আলীর ছেলে। শনিবার (৬ জুন) কেএমপি ডিবি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া।
ব্রিফিংয়ে জানানো হয়, কেএমপি কমিশনারের সার্বিক দিকনির্দেশনায় মহানগরীতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং দমনে নিয়মিত চেকপোস্ট ও চিরুনি অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেফতার করে। ডিসি (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, গ্রেফতারের পর আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম এবং বিভিন্ন ডিজিটাল তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা "বি কোম্পানি" নামক একটি ব্যানারের সঙ্গে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এর মধ্যে কসাই লিটন মূলত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর প্রধান ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতো।
তিনি আরও জানান, এই চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে বি কোম্পানি ব্যানারের আড়ালে অসহায়-দুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা, উপহার সামগ্রী বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজের প্রচারণা চালাতো। তবে নিবিড় গোয়েন্দা তথ্য ও ডিজিটাল আলামত পর্যালোচনায় দেখা গেছে, এসব মানবিক কর্মকাণ্ডের আড়ালে মূলত একটি সংঘবদ্ধ অপরাধমূলক নেটওয়ার্ক বা সিন্ডিকেট পরিচালিত হচ্ছিল।
কেএমপি ডিবি জানায়, খুলনা মহানগরীকে অপরাধমুক্ত রাখতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। অপরাধী যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে এই চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত