আলাউদ্দিন কবির
রংপুর প্রতিনিধিঃ
বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রসার এবং তরুণ প্রজন্মের মেধা বিকাশের প্রত্যয় নিয়ে বর্ণাঢ্য আয়োজনে যাত্রা শুরু করলো রংপুর সদর উপজেলা পাবলিক লাইব্রেরি। সোমবার (৮ জুন) দুপুরে সদর উপজেলার পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই লাইব্রেরির কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে লাইব্রেরি কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন সদর উপজেলা মডেল মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ এবং গীতা পাঠ করেন পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মহিত লাল রায়। উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা পাবলিক লাইব্রেরির বই-পুস্তক নির্বাচন কমিটির আহ্বায়ক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ দুলাল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের, এবং পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদিন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলা শাখার আমীর মাজহারুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদর উপজেলা শাখার সভাপতি মোঃ শাহ্ মাসুদ রানা প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন বলেন,একটি আদর্শ ও আলোকিত সমাজ গঠনে লাইব্রেরির ভূমিকা অপরিসীম। ডিজিটাল যুগের কৃত্রিম ব্যস্ততা থেকে বেরিয়ে এসে নতুন প্রজন্মকে বইমুখী করতে এই লাইব্রেরি একটি অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে।
অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, এই পাবলিক লাইব্রেরি অত্র অঞ্চলের শিক্ষার্থী, তরুণ প্রজন্ম ও সাধারণ পাঠকদের মেধা অন্বেষণ ও সৃজনশীলতা বিকাশে নতুন দিগন্তের উন্মোচন করবে। লাইব্রেরির এই মহতী কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও ফলপ্রসূ করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ২নং হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আব্দুর রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধীসমাজ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রংপুর সদর উপজেলা পরিষদের সুদূরপ্রসারী উদ্যোগে প্রতিষ্ঠিত এই পাবলিক লাইব্রেরিটি উদ্বোধনের পর থেকেই স্থানীয় পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত