মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
পাহাড়ি জনপদের শিশুদের শিক্ষার প্রতি আরও উৎসাহিত করতে খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষা সামগ্রী বিতরণ করেছে দীঘিনালা জোন (৪-ইবি)। বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে উপকৃত হয়েছে জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী। মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জারুলছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি। এ সময় শিক্ষার্থীদের মাঝে কলম, পেন্সিল, খাতা, পেন্সিল বক্স এবং বিস্কুট বিতরণ করা হয়। উপহার সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মুখে হাসি ফুটে ওঠে এবং বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জোন কমান্ডার বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে শিক্ষার প্রসারে এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং তাদের বিদ্যালয়মুখী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা সামগ্রী বিতরণের এই উদ্যোগ তারই ধারাবাহিকতার অংশ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত