মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটি সদর হাসপাতালের ইতিহাসে প্রথমবারের মতো চালু হয়েছে কলপোস্কোপি সেবা। মঙ্গলবার (১৪ জুলাই) গাইনি বিশেষজ্ঞ ডা. তাহমিনা দেওয়ান অভির তত্ত্বাবধানে এ সেবার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এর মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার ও ক্যান্সার-পূর্ববর্তী অস্বাভাবিক কোষ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার সুযোগ তৈরি হয়েছে।
গাইনি বিশেষজ্ঞ ডা. তাহমিনা দেওয়ান অভি জানান, যেসব নারীর প্যাপ স্মিয়ার বা ভায়া পরীক্ষায় অস্বাভাবিক ফলাফল আসে, এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়, জরায়ুমুখে দীর্ঘদিনের সংক্রমণ বা ক্ষত থাকে কিংবা সাধারণ পেলভিক পরীক্ষায় চিকিৎসকের কাছে কোনো অস্বাভাবিকতা সন্দেহ হয়-তাদের জন্য কলপোস্কোপি করা হবে। তিনি বলেন, কলপোস্কোপি হলো জরায়ুমুখ (সারভিক্স), যোনি এবং ভালভা পরীক্ষা করার একটি বিশেষ চিকিৎসা পদ্ধতি। ‘কলপোস্কোপ’ নামের একটি বিশেষ ম্যাগনিফাইং যন্ত্রের সাহায্যে জরায়ুমুখের ক্যান্সার-পূর্ববর্তী পরিবর্তন, ক্যান্সারসহ অন্যান্য জটিলতা নির্ণয় করা সম্ভব। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের মতে, জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করতে কলপোস্কোপি অত্যন্ত কার্যকর। প্যাপ স্মিয়ার বা এইচপিভি পরীক্ষার ফল অস্বাভাবিক হলে এই পরীক্ষা করা হয়। এছাড়া এর মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার, প্রাক-ক্যান্সার কোষ, পলিপ, জেনিটাল ওয়ার্টস (যৌনাঙ্গের আঁচিল) এবং সার্ভিসাইটিসসহ বিভিন্ন রোগ নির্ণয় করা সম্ভব। অস্বাভাবিক রক্তপাত, পলিপ বা আঁচিলের মতো সমস্যার কারণ নির্ণয়েও এ পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, রাঙামাটি সদর হাসপাতালের ইতিহাসে এই প্রথম কলপোস্কোপি সেবা চালু হয়েছে। সরকারের প্রতিরোধনির্ভর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এখন থেকে হাসপাতালেই নিয়মিতভাবে জরায়ুমুখ, যোনি ও ভালভার অস্বাভাবিক কোষ পরীক্ষা করা সম্ভব হবে, যা জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও নতুন নতুন স্বাস্থ্যসেবা চালুর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা নিয়ে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করে যাবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত