মোহাম্মদ আব্বাস উদ্দিন
চট্টগ্রাম প্রতিনিধিঃ
তোমার আব্বু অসুস্থ, তোমাকে নিতে এসেছি-এমন মিথ্যা বলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সহপাঠীদের সামনে থেকে দিনদুপুরে ওয়াসিফা জান্নাত তাসকিন (৭) নামের এক শিশুকে অপহরণ করা হয়েছে।
গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরফভাটা হাফেজ মোহাম্মদ শরীফের বাড়ি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অপহৃত তাসকিন ওই এলাকার দেলোয়ার হোসেনের কন্যা এবং স্থানীয় ‘ইমাম আযম আবু হানিফা (র.)’ স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল সাড়ে ১০টায় স্কুল ছুটি হওয়ার পর সহপাঠী হুমায়রা ও এক আত্মীয়ের সাথে হেঁটে বাড়ি ফিরছিল তাসকিন। বাড়ির সামনের গলির 'পরানি বাপের বাড়ি'র সামনে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে অজ্ঞাত ব্যক্তিরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এর আগে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে ওই এলাকায় সন্দেহজনকভাবে অটোরিকশাটি ঘোরাঘুরি করছিল। গাড়িটিতে চালক ছাড়াও দুই জন যাত্রী ছিল। চালক সাদা লুঙ্গি পরিহিত ছিলেন বলে জানা গেছে। তাসকিনকে তুলে নিয়ে যাওয়ার সাথে সাথেই তার সাথে থাকা শিশু হুমায়রা ও অপর শিশু দৌড়ে গিয়ে তাসকিনের মা তাসলিমা বেগমকে ঘটনাটি জানায়। খবর পেয়ে বাড়িতে থাকা বাবা দেলোয়ার হোসেন চারদিকে খোঁজাখুঁজি করেও মেয়ের কোনো সন্ধান পাননি। সুপরিকল্পিতভাবে শিশুটির নাম ও পরিবারের তথ্য জেনেই এই অপহরণকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে সন্দেহভাজন অটোরিকশাটির চলাচলের প্রমাণ মিলেছে।
কান্নাজড়িত কণ্ঠে শিশুটির মা তাসলিমা বেগম বলেন, পারিবারিক কিছু বিষয় থাকলেও স্থানীয় কারও সাথে আমাদের কোনো শত্রুতা ছিল না। আমার নিষ্পাপ শিশুটিকে যেন সুস্থ অবস্থায় বুকে ফিরে পাই, সবার কাছে এই আকুতি জানাচ্ছি। স্কুলের প্রধান শিক্ষক নুরুল আবছার জানান, স্কুল ছুটির পর তাসকিন স্বাভাবিকভাবেই বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। সহপাঠীদের চোখের সামনে তাকে এভাবে তুলে নিয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক ও মর্মান্তিক। এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শিশুটিকে দ্রুত ও অক্ষত অবস্থায় উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত