পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন কার্যক্রমে সহায়তা দিতে সরকারি অনুদান ও কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচি এবং কৃষি পুনর্বাসন প্রকল্পের আওতায় এসব সহায়তা প্রদান করা হয়।
সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপবৃত্তি, বাইসাইকেল এবং নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। একই সঙ্গে গৃহহীন একটি পরিবারের কাছে বাসস্থান সহায়তার চাবি হস্তান্তর করা হয়। শিক্ষা উপবৃত্তির আওতায় প্রাথমিক স্তরের ৮ শিক্ষার্থীকে ৩ হাজার টাকা, মাধ্যমিক স্তরের ৫ শিক্ষার্থীকে ৫ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরের ৩ শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া ২ জন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং ২ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
বিকেলে আয়োজিত অপর অনুষ্ঠানে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও লেবুর চারা, জৈব সার, গ্রীষ্মকালীন সবজির বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে বিশেষ কর্মসূচির মাধ্যমে শিক্ষা, কর্মসংস্থান ও আবাসনসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের স্বাবলম্বী করতে বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ অব্যাহত রয়েছে। এসব সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত হলে ব্যক্তি ও দেশের অর্থনীতি—উভয়ই উপকৃত হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও এ. টি. এম. কামরুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের লক্ষ্য সরকারের প্রতিটি কল্যাণমূলক কর্মসূচির সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া। শিক্ষা উপবৃত্তি ও বাইসাইকেল শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে, সেলাই মেশিন নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং কৃষি প্রণোদনা কৃষকদের নতুন উদ্যমে উৎপাদন কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। সরকারি এ বহুমুখী সহায়তা পেয়ে সুবিধাভোগীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত