ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর মতিঝিলের মেট্রোরেলের স্টেশনের নিচ থেকে একটি বোমা উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্টেশনের নিচে একটি ছাতার মধ্যে বোমাটি পাওয়া যায়। পরে তা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিট।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ডিভাইডারে একটি ফোল্ডিং ছাতা রাখা ছিল। ছাতার ভেতর বাতি জ্বলছিল দেখে সন্দেহ হয়। পুলিশ জায়গাটি ঘিরে রেখে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। তারা পরীক্ষা-নিরীক্ষা করে জানায়, ভেতরে বিস্ফোরণ হতে পারে এমন বস্তু আছে। পরে তারা সেটি নিষ্ক্রিয় করে।
ওসি কামরুজ্জামান বলেন, বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বিস্ফোরণ ঘটিয়ে বস্তুটিকে নিষ্ক্রিয় করেছে। এটা নিয়ন্ত্রিত বিস্ফোরণ। কোনো হতাহত নেই। কী ধরনের বোমা ছিল জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, এটা বোম্ব এক্সপার্টরা বলতে পারবেন।
একটি ছবিতে দেখা গেছে, ছাতার ভেতর কিছু সার্কিট ও টেপ দিয়ে প্যাঁচানো বস্তু। ধারণা করা হচ্ছে, নির্ধারিত সময়ে বিস্ফোরণ ঘটানোর জন্য এটি রাখা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা বলেন, পুলিশ আসার পর মেট্রো স্টেশনের নিচে বিকট শব্দ হয়। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী বলেন, বোমাসদৃশ বস্তুটি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ছিল। এদিকে আনসার সদর দপ্তর থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যদের তাৎক্ষণিক সতর্কতা, বিচক্ষণতা ও পেশাদারিত্বপূর্ণ পদক্ষেপের ফলে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং বোমা নিষ্ক্রিয়কারী দলের সঙ্গে সমন্বিত কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার বর্ণনা দিয়ে আনসার জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মেট্রোরেলের মতিঝিল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে দায়িত্বে থাকা আনসার প্লাটুন কমান্ডার (এপিসি) মো. রোকনুজ্জামান একটি তাজা টাইম বোমা শনাক্ত করেন। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে স্টেশন কন্ট্রোলারকে অবহিত করেন।
আনসারের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময় স্টেশন সংলগ্ন সড়ক দিয়ে একটি শোভাযাত্রা অতিক্রম করছিল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দায়িত্বে থাকা আনসার সদস্য মো. আশরাফুল এবং এপিসি মো. রোকনুজ্জামান দ্রুত উপস্থিত সাধারণ জনগণ ও শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সতর্ক করেন এবং নির্ধারিত নিরাপদ দূরত্ব বজায় রেখে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেন। তাদের তাৎক্ষণিক পদক্ষেপে এলাকায় নিরাপত্তা নিশ্চিত হয় এবং জনসাধারণের মধ্যে শৃঙ্খলা বজায় থাকে। পরবর্তীতে স্টেশন কর্তৃপক্ষের আহ্বানে বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রথম টাইম বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করে। এরপর রাত আনুমানিক সাড়ে ৭টায় তল্লাশি চালিয়ে একই এলাকায় আরও একটি তাজা টাইম বোমা উদ্ধার করা হয়, যা বিশেষজ্ঞ দল নিরাপদভাবে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতি ঘটেনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত