বর্ণাঢ্য ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজে ‘আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২৫ আগস্ট (সোমবার) সকালে কলেজ প্রাঙ্গণে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা ঘটে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু।
সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহীদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, "তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা এবং তাদের শারীরিক গঠন ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। পড়াশোনার পাশাপাশি কলেজের এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।"
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি’র সহ-সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ভিপি অমর কৃষ্ণ দাস।
তিনি বলেন, "শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর মনন গঠনে প্রতিযোগিতামূলক খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশ করবে।"
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহীদুল হাসান টুর্নামেন্টের সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিত সমাপ্তি কামনা করেন এবং খেলোয়াড়দের ক্রীড়াসূলভ মনোভাব বজায় রাখার আহ্বান জানান।
এরপর জাতীয় পতাকা উত্তোলন, আকাশে বেলুন উড়ানো ও মাঠের কিক-অফের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে কলেজের বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত থেকে খেলোয়াড়দের করতালির মাধ্যমে উৎসাহিত করেন।
অনুষ্ঠান চলাকালে মাঠের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এস এম জুয়েল রানা, ইসলামী ছাত্রশিবির এবং কলেজের সাধারণ শিক্ষার্থীরা একযোগে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত