মোঃ শাহ আলমঃ
রাজধানীর লালবাগে মাদকবিরোধী সামাজিক সচেতনতা সৃষ্টি ও তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে সিনিয়র-জুনিয়র নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট রাতে লালবাগের কিল্লারমোড়স্থ মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠে শহীদ নগর ৫ নম্বর গলির ইউনিট যুবদলের উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে শহীদ নগর ৫ নম্বর গলির বিভিন্ন দলের অংশগ্রহণের কথা জানানো হয়।
মাদক ছাড়ো, নয়তো শহীদ নগর ছাড়ো এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করা জরুরি। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে শহীদ নগর এলাকায় একটি স্থায়ী খেলার মাঠের পাশাপাশি ব্যায়ামাগার, লাইব্রেরি ও হাসপাতাল স্থাপনের দাবি তুলে ধরা হয়। একই সঙ্গে এলাকার গ্যাস সংকট, মাদক, চাঁদাবাজি ও দখলদারিত্বের মতো সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা অভিযোগ করেন, শহীদ নগর এলাকায় খেলার জন্য পর্যাপ্ত মাঠের সুযোগ না থাকায় তরুণদের বিভিন্ন মাঠে গিয়ে খেলার অনুমতি নিতে হয়। এলাকায় মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠ থাকলেও সেখানে স্থানীয়দের নিয়মিত খেলার সুযোগ নিয়ে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরা হয়। এ কারণে এলাকাবাসীর পক্ষ থেকে নতুন একটি খেলার মাঠের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
এ বিষয়ে ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোশাররফ হোসেন খোকনের মাধ্যমে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের সহযোগিতা কামনা করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন, বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর, ২৪ নম্বর ওয়ার্ড এবং যুগ্ম আহ্বায়ক, ঢাকা দক্ষিণ মহানগর বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ আব্দুল কাদের ও ফরিদুদ্দিন রানা, যুগ্ম আহ্বায়ক, লালবাগ থানা বিএনপি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইকবাল হোসেন স্বপন, সাবেক সভাপতি, লালবাগ থানা এবং যুগ্ম আহ্বায়ক, ঢাকা দক্ষিণ মহানগর বিএনপি।
এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শহীদ নগর এলাকার গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এই টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত