মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরে চলতি বছরের সরকারি ধান-চাল সংগ্রহ অভিযানে ধান সংগ্রহ শেষ হলেও চাল সংগ্রহ চলছে। আগামী ৩১ আগস্টের মধ্যে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের কথা রয়েছে।
এ বছর শেরপুর সদর উপজেলায় সেদ্ধ চাল সংগ্রহের জন্য ৪৩টি চালকলের মালিকের সঙ্গে চুক্তি করেছে জেলা খাদ্য বিভাগ। তবে অভিযোগ উঠেছে, চুক্তিবদ্ধ এসব মিলের মধ্যে অন্তত ১০ থেকে ১৫টির মালিকানা বা সংশ্লিষ্টতার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা জড়িত।
অভিযোগ রয়েছে, এসব নেতার কয়েকজন ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া ছাত্র হত্যা মামলার আসামি এবং বর্তমানে পলাতক। তাদের মালিকানাধীন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ এবং সরকারি চাল সংগ্রহ কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জানা গেছে, শেরপুর সদর উপজেলা খাদ্যগুদামে চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ মিলগুলোর তালিকায় ১ নাম্বারে রয়েছে মেসার্স মর্ডান রাইস মিলস প্রাইভেট লিমিটেড এবং ৩ নাম্বারে শ্রাবণ-বাঁধন অটোমেটিক চালকল। অভিযোগ অনুযায়ী, উভয় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন। তিনি ২০২৪ সালের শেরপুরের ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি এবং বর্তমানে পলাতক রয়েছেন বলে অভিযোগ রয়েছে।
তালিকার ৪ নাম্বারে রয়েছে সদু অটো চালকল। এ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ মো. দুলাল মিয়া।
৮ নাম্বারে থাকা সেলিম রেজা অ্যান্ড ফরিদা ইয়াসমিন অটো চাউলকলের স্বত্বাধিকারী সেলিম রেজা। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা যুবলীগের সভাপতি ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।
তালিকার ২১ নাম্বারে রয়েছে মেসার্স ওয়াহেদ অটো রাইস মিল। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ হায়দার আলী।
এ ছাড়া ২৯ নাম্বারে থাকা মেসার্স মেঘনা রাইস মিলের স্বত্বাধিকারী আসাদুজ্জামান রওশন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি। তালিকায় সাবেক ছাত্রলীগ নেতা তাপস সাহার নামও রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ৪৩টি চুক্তিবদ্ধ মিলের মধ্যে অন্তত ১৫ থেকে ২০টি মিলের মালিকানা বা সংশ্লিষ্টতার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত।
মিলগুলোতে শত শত টন সরকারি চালের বরাদ্দ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মেসার্স মর্ডান রাইস মিলস প্রাইভেট লিমিটেডের অনুকূলে ৩২২.৭৭০ মেট্রিক টন এবং শ্রাবণ-বাঁধন অটোমেটিক চালকলের অনুকূলে ৪৫১.৮৯০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ছাড়া সদু অটো চালকলের জন্য ৭১৫.৫০০ মেট্রিক টন, সেলিম রেজা অ্যান্ড ফরিদা ইয়াসমিন অটো চাউলকলের জন্য ৫০৩.৫২০ মেট্রিক টন, মেসার্স ওয়াহেদ অটো রাইস মিলের জন্য ৮৫৮.৬০০ মেট্রিক টন এবং আসাদুজ্জামান রওশনের মেসার্স মেঘনা রাইস মিলের জন্য ৩০.১২০ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে।
শেরপুর জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শেরপুর সদর উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় প্রায় ২১ হাজার ৫০০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সেদ্ধ চাল ১৯ হাজার ৬৯০ মেট্রিক টন এবং সুগন্ধি আতপ চাল ১ হাজার ৮২৬ মেট্রিক টন।
গত ২৪ আগস্ট পর্যন্ত লক্ষ্যমাত্রার প্রায় ৮৪ শতাংশ চাল সংগ্রহ করা হয়েছে। অবশিষ্ট চাল আগামী ৩১ আগস্টের মধ্যে সংগ্রহ শেষ করার কথা রয়েছে।
খাদ্য বিভাগের বক্তব্য
সরকারি চাল সংগ্রহে আওয়ামী লীগের নেতাদের মালিকানাধীন বা সংশ্লিষ্ট মিল চুক্তির আওতায় আসার বিষয়ে শেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক ও ডিসি (ফুড) মো. নাজমুল হক ভূঁইয়া বলেন, চুক্তিবদ্ধ মিলারদের তালিকা তৈরির সময় আওয়ামী লীগের নেতাদের মালিকানাধীন মিলগুলোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো বাধ্যবাধকতা না জানানোয় মিলগুলোর মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে চুক্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, এসব মিলকে তালিকা থেকে বাদ দেওয়া হলে শেরপুরে সরকারি চালের বরাদ্দের পরিমাণ অনেক কমে যেত।
তবে সরকারি খাদ্য সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তিদের মালিকানাধীন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং বিপুল পরিমাণ চালের বরাদ্দ দেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অনেকে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত