নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের পাটুল এলাকায় অবৈধ জাল দিয়ে পোনা মাছ নিধন রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ২০ হাজার টাকা জরিমানা আদায়, ৫৭টি চায়না দুয়ারী জাল ও ৫০০ ফুট বাঁধাই জাল ধ্বংস এবং অবৈধ মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, নলডাঙ্গা থানার পুলিশ সদস্য, আনসার সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা অনুযায়ী একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়।
এ সময় পোনা মাছ ধরায় ব্যবহৃত প্রায় ৫৭টি চায়না দুয়ারী জাল এবং ৫০০ ফুট বাঁধাই জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক মূল্য ২ লাখ ২১ হাজার টাকা। পরে জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানিয়েছে, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পোনা মাছ নিধন রোধে অবৈধ কারেন্ট জালসহ ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত