মোঃ মাসুম বিল্লাহ খুলনা প্রতিনিধিঃ
খুলনায় ভুয়া সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয়ে পরিচালিত একটি হানিট্রাপ চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় চক্রের জিম্মিদশা থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে কয়েকটি ভুয়া পত্রিকার আইডি কার্ড ও ভুয়া মানবাধিকার সংগঠনের কার্ড উদ্ধার করা হয়েছে।
বুধবার (০২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর হরিণটানা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে খুলনা সদর থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, চক্রটি এক ব্যক্তিকে কৌশলে হানিট্রাপে ফেলে ডেকে নিয়ে একটি বাসায় আটকে রাখে। এরপর তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় অপহৃত ব্যক্তির স্ত্রী তাৎক্ষণিকভাবে খুলনা সদর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। অভিযোগ পাওয়ার পরপরই সদর থানা পুলিশের একটি বিশেষ দল হরিণটানা এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার এবং চক্রের চার সদস্যকে হাতেনাতে আটক করে।
এ বিষয়ে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, "ভিকটিমের স্ত্রীর লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশি দল দ্রুত ব্যবস্থা নিয়ে চক্রটিকে আটক করতে সক্ষম হয়। জিম্মি থাকা ব্যক্তিকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত