আলাউদ্দিন কবির
রংপুর প্রতিনিধিঃ
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউকর) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সামসুজ্জামান সামু। আগামী এক বছরের জন্য তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন’ অনুযায়ী সামসুজ্জামান সামুকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চেয়ারম্যান সামসুজ্জামান সামু রংপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন ধরে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন।
উল্লেখ্য, রংপুরের পরিকল্পিত উন্নয়ন ও আধুনিক নগরী গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের পক্ষ থেকে একটি স্বতন্ত্র উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের জোরালো দাবি ছিল। এরই পরিপ্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারি মাসে সরকার ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন করে প্রজ্ঞাপন জারি করে এবং এর সংশ্লিষ্ট আইনটি কার্যকর হয়। এই কর্তৃপক্ষের মূল দায়িত্ব হবে রংপুরের পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা, নগর উন্নয়নের মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) প্রণয়ন ও বাস্তবায়ন, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ এবং সার্বিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের সমন্বয় সাধন করা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত