বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় অস্ত্র উঁচিয়ে মোটরসাইকেল মহড়ার অভিযোগে দায়ের করা মামলাকে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত,দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বুলুকে দলীয় পদে পুনর্বহালের দাবিতে তারা একটি প্রতিবাদ সভা করেছেন।
আজ শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টায় টঙ্গীর গোপালপুর পূর্বপাড়া মদিনাবাজার ৪৪ নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় বক্তারা দাবি করেন, বিএনপির ৪৪ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন বুলু, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন মন্ডল এবং ৪৪ নং ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক কাজী দাউদ ৪৬ নং ওয়ার্ডের যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি খালেক মিয়াসহ বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা অবিলম্বে এ-সব মামলা প্রত্যাহার এবং মোঃ কামাল হোসেন বুলুকে পূর্বের দলীয় পদে পুনর্বহালের দাবি জানান।
এ সময় বিএনপি নেতা আরিফ অভিযোগ করে বলেন, মূল ঘটনাকে আড়াল করতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অনুষ্ঠিত মোটরসাইকেল শোডাউনকে ‘অস্ত্রের মহড়া’ হিসেবে প্রচার করা হয়েছে। একই সঙ্গে কিশোর গ্যাং-সংক্রান্ত একটি পুরোনো ভিডিও তাদের সঙ্গে সম্পৃক্ত দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তার দাবি, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একটি চক্র এখনো বিএনপির নাম ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে।
এছাড়াও সভায় উপস্থিত নেতা কর্মীরা বলেন, মামলার বাদী নুরুজ্জামান জামান স্বৈরাচার আওয়ামী লীগের দোসর এবং সাবেক প্রতিমন্ত্রীর চাচা টঙ্গী ত্রাস মতিউর রহমান মতির ঘনিষ্ঠ হিসাবে বিগত স্বৈরাচার আমলে মতির প্রভাব বিস্তার করে টঙ্গীর শিল্প এলাকায় এককভাবে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করেছে এখনও আগের মতই অনিয়ম ও প্রভাব বিস্তার করে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে যাচ্ছে।
শ্রমিকদল নেতা কামাল হোসেন বলেন, একটি সামান্য ঘটনাকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করে রাজনৈতিক প্রতিহিংসা ও গ্রুপভিত্তিক দ্বন্দ্বের জেরে তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার কোনো বাস্তব ভিত্তি নেই।
এছাড়াও প্রতিবাদ সভায় উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বলেন,আমাদের নেতা মোঃ কামাল হোসেন বুলু ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করে তার পূর্বের সম্মান ফিরে না দেওয়া হয় তাহলে প্রয়োজনে আমরা কামাল হোসেন বুলু ভাইয়ের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পূর্বের পদে পূর্ণবহালের জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রতি সপ্তায় স্মারক লিপি প্রদান করবো এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায় যোগাযোগ করবো।
এর আগে গত ২৮ জুন টঙ্গী বিসিক এলাকায় ঝুট (কারখানার বর্জ্য) ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে অস্ত্র উঁচিয়ে মোটরসাইকেল দিয়ে শোডাউনের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১ জুলাই রাতে বিএনপি ও যুবদলের ১৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে টঙ্গী পূর্ব থানায় বাদী হয়ে মামলা করেন ব্যবসায়ী মো. নুরুজ্জামান জামান
ওই মামলায় টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন মন্ডল, ৪৪নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বুলুসহ ১৯ জনের নামে মামলা দায়ের হয়।
মামলার এজাহারে বলা হয়, দীর্ঘদিন ধরে বিসিক শিল্পাঞ্চলে ঝুট ব্যবসা পরিচালনা করে আসছেন বাদী নুরুজ্জামান জামান। গত ২৭ জুন তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বুলু ও ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ খালেক মিয়া।
তবে, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরদিন ২৮ জুন অভিযুক্তদের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে এলাকায় অস্ত্রসহ মহড়া দেয়া হয়। এসময় কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানে প্রবেশ করে ঝুট বিক্রি না করার জন্য ভয়ভীতি প্রদর্শন এবং ব্যবসা দখলের চেষ্টা করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত