মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান পলাতক আসামি মো. রফিকুল ইসলাম ওরফে রাকিব (৫০)-কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শনিবার (১৮ জুলাই) রাত ৮টার দিকে এক যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার (১৯ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ওয়াহিদুজ্জামান। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর থানার খামারশানিলা গ্রামের আজাহার প্রামাণিকের ছেলে।
র্যাব জানায়, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার বিশেষ সহায়তায় র্যাব-১২ (সিপিসি-২, পাবনা) এবং র্যাব-৪ (সিপিসি-২, নবীনগর ক্যাম্প)-এর একটি যৌথ আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকেই আত্মগোপনে থাকা রফিকুলকে গ্রেপ্তার করা হয়। মামলার বিবরণ ও প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ২৮ জুন দুপুরে নিজ শয়নকক্ষে ভয়ভীতি দেখিয়ে ওই ১১ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে রফিকুল। এর পরদিন (২৯ জুন) সে আবারও শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি কোনোমতে পালিয়ে আত্মরক্ষা করে।
এই বর্বরোচিত ঘটনার জানাজানি হলে স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভ ও চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। উত্তেজিত জনতা একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে আসামির বাড়িঘর ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পরবর্তীতে র্যাব-১২ এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই রফিকুল এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত