মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টির কারণে শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী, শ্রীবরদী উপজেলায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে। বিভিন্ন নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং নিম্নাঞ্চলে বসবাসকারী হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। নালিতাবাড়ী উপজেলার বেনিরগোঁফ এলাকার চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। হঠাৎ করে পানি ঢুকে পড়ায় অনেক পরিবারের বাড়িঘর, উঠান ও কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। স্থানীয়রা নিজেদের প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে।
অন্যদিকে, ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর পানি বৃদ্ধি পেয়ে ঝিনাইগাতী বাজারের বিভিন্ন অংশ প্লাবিত হয়েছে। বাজারের দোকানপাটে পানি ঢুকে ব্যবসায়ীরা ক্ষতির আশঙ্কায় রয়েছেন। একই সঙ্গে সোমেশ্বরী নদীর পানিও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পাহাড়ি ঢলের কারণে নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে একই চিত্রের পুনরাবৃত্তি ঘটে। দীর্ঘস্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় পাহাড়ি ঢল এলেই নদীর পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে কৃষকের ফসল, মৎস্য খামার, গবাদিপশু এবং সাধারণ মানুষের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বছরের পর বছর ধরে এই দুর্ভোগের স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসলেও কার্যকর উদ্যোগের অভাবে মানুষকে একই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হলে প্রতিবছরের এই ভয়াবহ ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। কিন্তু বাস্তবে সেই উদ্যোগের অভাবে প্রতি বর্ষায় হাজারো মানুষের কষ্ট, পরিশ্রম ও স্বপ্ন পানিতে ভেসে যায়। এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলের মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেলেও ক্ষতিগ্রস্ত এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনীয় ত্রাণ সহায়তা এবং স্থায়ী নদীশাসন ও বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত