ইসমাইল মাহমুদ, মৌলভীবাজারঃ
হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গলে স্টপেজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শ্রীমঙ্গলবাসী। বিশেষ করে পর্যটন নগরী হিসেবে খ্যাত শ্রীমঙ্গলে আগত দেশ-বিদেশের পর্যটক যারা শ্রীমঙ্গল থেকে পাশের জেলা হবিগঞ্জের বিভিন্ন উপজেলার পর্যটন স্পটগুলোতে ভ্রমণে আগ্রহী তাদের দুর্ভোগ চরমে পৌছেছে।
দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান এবং শ্রীমঙ্গলে বাসটির স্টপেজের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শ্রীমঙ্গলের সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে শ্রীমঙ্গলস্থ হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংস্কৃতিকর্মী মো. তারেক ইকবাল চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিহার রঞ্জন নাথ, মহিলা বিষয়ক সম্পাদিকা শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কোষাধ্যক্ষ সুলতান আহমদ, সদস্য মো. ওয়াহিদ হাসান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, সিনিয়র সদস্য সৈয়দ আমিরুজ্জামান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, "শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। প্রতিদিন শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্যসহ নানা প্রয়োজনে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ ও সিলেটমুখী বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। অথচ হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ একটি পরিবহনে শ্রীমঙ্গলের কোনো স্টপেজ না থাকায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। শ্রীমঙ্গল থেকে যাত্রীরা বাসে উঠতে না পেরে অনেক সময় অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে অন্য পরিবহনের আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। আবার কেউ কেউ গন্তব্যের আগে বা পরে নেমে অতিরিক্ত যানবাহন ব্যবহার করতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন। একটি গুরুত্বপূর্ণ জনপদের মানুষের জন্য এমন পরিবহন বৈষম্য কোনোভাবেই কাম্য নয়।
শ্রীমঙ্গলবাসী কোনো বিশেষ সুবিধা চাইছে না; তারা তাদের ন্যায্য অধিকার ও যাতায়াতের সুযোগটুকুই চাইছে। দ্রুত হবিগঞ্জ সিলেট এক্সপ্রেসের শ্রীমঙ্গল স্টপেজ চালুর দাবী জানাচ্ছি। না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা প্রতিদিনের যাত্রী। আমাদের কষ্টের কথা শুনবে কে? একটি বাসে শ্রীমঙ্গলে স্টপেজ দিলে যদি শত শত মানুষের সময়, শ্রম ও অর্থ বাঁচে, তাহলে সেই দাবি বাস্তবায়নে এত অনীহা কেন? মানববন্ধন থেকে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিষয়টি বিবেচনা করে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের শ্রীমঙ্গলে স্টপেজ দেওয়ার জোর দাবি জানাই।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত