মো. জুয়েল হোসেন | সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান জানান, হামলার পর থেকেই পুলিশের ছায়া তদন্ত অব্যাহত ছিল। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের জায়গা নির্ধারণ নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বের হওয়ার সময় সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি অক্ষত থাকলেও তার গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার দিন রাতেই রায়গঞ্জ থানায় ১৫ জনের নাম উল্লেখ এবং ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান।
এই মামলায় এর আগেও দুজনকে গ্রেপ্তার করা হয়—রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির এবং স্থানীয় হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেন। আদালত ইতিমধ্যে তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে। এছাড়া মামলার চার আসামি বর্তমানে আগাম জামিনে আছেন এবং বাকি আসামিরা পলাতক রয়েছেন।
এদিকে, ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে নয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানাকে আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খানকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান দৈনিক সবুজ বাংলাদেশ’কে জানিয়েছে, ঘটনার সাথে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত