নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালীর হাতিয়া উপকূলীয় মেঘনায় বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ওই ট্রলারের চার জেলের মধ্যে দুইজনকে উদ্ধার করা গেলেও মাইনুদ্দিন সাকিব (১৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তাছাড়া নিখোঁজ রয়েছেন আরও একজন। সোমবার (২৮ জুলাই) ভোরে হাতিয়ার উপজেলার সুখচর ইউনিয়নের পশ্চিমাংশে মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়ার নলচিরা নৌ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মো ফয়সাল উদ্দিন।
তিনি জানান খবর পেয়ে নৌ-পুলিশ গিয়ে জেলেদের সহায়তায় একজনের মরদেহ উদ্ধার করে এবং একজন জেলে নিখোঁজ রয়েছে। নিহত মাইনুদ্দিন সাকিব হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। নিখোঁজ আরাফাত উদ্দিন (১৮) নলচিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন আফসার মাঝি (৪০) ও আবদুর রহমান (৩০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাতে মাছ ধরার জন্য ছোট্ট একটি ট্রলার হাতিয়ার সুখচর ইউনিয়নের মেঘনা মোহনায় অবস্থান করছিল। এ সময় একটি বালুবোঝাই বাল্কহেড মাছের ট্রলারকে ধাক্কা দেয়। এতে ওই ট্রলারে থাকা চার জেলের মধ্যে দুজনকে পাশের ট্রলারের জেলেরা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাকিবের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
তাছাড়া আরাফাত উদ্দিন (১৮) নামের আরেক জেলে নিখোঁজ। নৌ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মো ফয়সাল উদ্দিন খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরাফাত উদ্দিনের সন্ধানে নদীতে কোস্টগার্ড ও নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত