মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করার সময় ডিঙ্গি নৌকা উল্টে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবকের নাম মো. সোলেমান (২০)। শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় কর্ণফুলী নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজের ফুফাতো ভাই মোহাম্মদ হাবীব জানান, সকালে সোলেমান ও তার বড় ভাই আব্দুল হালিম (৩০) একটি ডিঙ্গি নৌকা নিয়ে নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে যান। এসময় নদীর তীব্র স্রোতের মুখে পড়ে তাদের নৌকাটি হঠাৎ উল্টে যায় এবং দুজনেই পানিতে পড়ে যান। এরমধ্যে বড় ভাই আব্দুল হালিমকে আশেপাশে থাকা অন্য লাকড়ি সংগ্রহকারীরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে পারলেও সোলেমান মুহূর্তের মধ্যেই পানির প্রবল স্রোতে তলিয়ে যান। নিখোঁজ সোলেমান ও উদ্ধার হওয়া আব্দুল হালিম পূর্ব সরফভাটা লোকমান মিস্ত্রীর বাড়ি এলাকার বাসিন্দা বদিউল আলমের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের টিম। ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়েছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। বিষয়টি আমাদের উর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। নিখোঁজ যুবককে উদ্ধারে দ্রুতই একটি বিশেষ ডুবুরি দল উদ্ধার কাজে যোগ দিচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত